করোনা শনাক্তের হার তিন মাসের মধ্যে সর্বনিম্ন

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৩৬ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ। গত তিন মাসে এটি সর্বনিম্ন। এর আগে ২০ মে শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৮৪ শতাংশ। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা শনাক্তের ১৭৩তম দিন পর্যন্ত ১৫ লাখ ৩৮৫ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩০ শতাংশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৫ জন মারা গেছেন। শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।

জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৫০১ জনের। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৪ জন, নারী ১১ জন। তাদের মধ্যে ৪২ জন হাসপাতালে এবং তিন জন বাড়িতে মারা গেছেন। তাদের মধ্যে ২৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ১১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, সাত জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, এক জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে ছিল। মৃতদের ২২ জন ঢাকা বিভাগের, ১০ জন চট্টগ্রাম বিভাগের, এক জন রাজশাহী বিভাগের, পাঁচ জন খুলনা বিভাগের, এক জন সিলেট বিভাগের এবং ছয় জন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৪ হাজার ২৮ জনের মধ্যে ৩ হাজার ২৪২ জনই পুরুষ এবং ৮৮৫ জন নারী।