ক্ষতিপূরণ দাবিতে আন্দোলনে যাচ্ছে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি

বিআইডব্লিউটিএ বিনা নোটিশে গাবতলী বেড়িবাঁধে ৪০টি ট্রাক, ড্রাম ট্রাক ক্রেন দিয়ে চাপা এবং স্পট অকশন করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। এক সপ্তাহের মধ্যে গাড়ির মালিকদের গাড়ি ফেরত ও ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে তারা। গতকাল সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ এ দাবি জানান।

সভায় উপস্থিত ছিলেন ট্রাক কাভার্ড ভ্যান ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তুম আলী খাঁন, মালিক সমিতির গাবতলী শাখার সভাপতি হাজী ওবায়েদ, আন্তঃজিলা ট্রাক-চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আলী, ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হাজি মো. তোফাজ্জল হোসেন মজুমদার, ট্রাক কাভার্ড ভ্যান ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি আলহাজ  মুকবুল আহম্মেদ, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব, ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি আলহাজ তালুকদার মো. মনির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি আবুল কাশেম পাটোয়ারী প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি