সরকার কর্তৃত্ব ধরে রাখতে রাজনৈতিক দল নিবন্ধন আইন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, নির্বাচন কমিশন তার কার্যক্ষমতা সরকারের হাতে দিয়ে দিচ্ছে। সেজন্য একজন নির্বাচন কমিশনার প্রতিবাদ করেছেন, নোট অব ডিসেন্ট দিয়েছেন। আরপিওর মধ্যে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য তাদের যে ক্ষমতা রয়েছে, সেটা আলাদাভাবে আইন করে সরকারের হাতে ক্ষমতাটা দিয়ে দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, গণতন্ত্রের অন্যতম শর্ত নির্বাচন। সেই নির্বাচন এখন দিনের বেলায় হয় না, রাতে হয়। এই যে এত বড় একটা অন্যায়, সেই অন্যায়ের বিরুদ্ধে আজও আমরা কথা বলছি, সত্য বলছি নজরুল ইসলামের অনন্য কীর্তিগুলো আছে বলেই।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জাসাসের সভাপতি ড. মামুন আহমেদ প্রমুখ।