যাত্রাবাড়ীর মাতুয়াইলে রিকশা থেকে পড়ে রওশনারা নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
নিহত বৃদ্ধার মেয়ে রোকেয়া বেগম জানান, গত পরশু আমার মা মাতুয়াইলের মঘল নগর এলাকায় আমার বাসায় বেড়াতে আসেন। সকালে মায়ের রক্তচাপ বেড়ে যাওয়ায় তাকে ও আমার দুই সন্তানকে টিকা দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হই। রিকশায় যাওয়ার পথে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের বিপরীত পাশে রাস্তায় অপর একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মা রিকশা থেকে পড়ে মাথায় আঘাত পান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। ঐ বৃদ্ধার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার লঞ্চঘাট।