বিএসটিআইয়ের আদলে ডোপটেস্ট করতে পৃথক কর্তৃপক্ষ গঠনের সুপারিশ

দেশব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে বিএসটিআইয়ের আদলে ডোপটেস্টের জন্য একটি পৃথক প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির এবং চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ হওয়ার আগে ডোপটেস্ট বা বিশেষ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করার জন্যও কমিটি সুপারিশ করেছে। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য—স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, হাবিবুর রহমান, সামছুল আলম দুদু, ফরিদুল হক খান ও পীর ফজলুর রহমান অংশ নেন।

বৈঠকে মাদকসংক্রান্ত মামলার আসামিরা যাতে আইনের ফাঁকফোকর গলিয়ে কারাগার থেকে বের হতে না পারে—সে বিষয়ে সচেষ্ট থাকার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়। এছাড়াও বৈঠকে পুলিশ সদস্যদের আবাসিক সমস্যা সমাধানে নির্দিষ্ট জোন বা ক্যাম্পাসে প্রয়োজনে বহুতল ভবন নির্মাণ করে আবাসনের ব্যবস্থা নিশ্চিতের সুপারিশ করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক বিস্ফোরক দ্রুত সরানোর তাগিদ

এদিকে, গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে চট্টগ্রাম বন্দরে মজুত বিপজ্জনক বিস্ফোরক ও ঝুঁকিপূর্ণ দ্রব্য দ্রুত সরিয়ে ফেলার সুপারিশ করা হয়েছে। বৈঠকে লেবাননের রাজধানী বৈরুতে বন্দরের গুদামে ভয়াবহ বিস্ফোরণের বিষয়টি নিয়ে আলোচনার পর এই সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৈরুতের বন্দর এলাকায় একটি বিস্ফোরকের ডিপোতে আগুন লাগার পর বিস্ফোরণ ঘটে। ভয়াবহ সেই বিস্ফোরণে অনেক লোক মারা যায়। চট্টগ্রাম বন্দর ও এর আশপাশের এলাকায় এমন কোনো বিস্ফোরক দ্রব্য থাকলে তা দ্রুত সরিয়ে ফেলার জন্য কমিটি তাগিদ দিয়েছে।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে চট্টগ্রাম বন্দরে মজুত থাকা বিপজ্জনক বিস্ফোরক ও ঝুঁকিপূর্ণ দ্রব্যাদি অতিদ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যমান নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন ও সংযোজন করে আইনটি যুগোপযোগী করার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটি করে দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে কাজের গতি বাড়িয়ে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো দ্রুত শেষ করারও তাগিদ দেওয়া হয়েছে। কমিটির সভাপতি রফিকুল ইসলাম বীরউত্তমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, সামিল উদ্দিন আহমেদ শিমুল ও আছলাম হোসেন সওদাগর অংশ নেন।