পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেনা অভ্যুত্থানের নেতারা জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতাকে মুক্তি দেওয়া হয়েছে। অভ্যুত্থানের পর গঠিত ন্যাশনাল কমিটি ফর দ্য স্যালভেশন অব দ্য পিপল (সিএনএসপি) এর মুখপাত্র ডিজিবরিলা মাইগা জানিয়েছেন, প্রেসিডেন্ট কেইতা এখন স্বাধীন। তিনি বাড়িতে আছেন। এর বেশি কিছু জানাননি ওই মুখপাত্র। তবে নাম প্রকাশ করতে অনিচ্ছুক প্রেসিডেন্টের এক আত্মীয় জানিয়েছেন, রাতে ৭৫ বছর বয়সী কেইতা রাজধানী বামাকোর সেবেকিকোরোর বাড়িতে ফিরে আসেন। গত ১৮ আগষ্ট সেনা অভ্যুত্থানে কেইতাসহ অনেককে আটক করে বিদ্রোহী সেনারা। পরের দিন কেইতা প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন। -আলজাজিরা