হারিকেন লরা'য় লণ্ডভণ্ড লুইজিয়ানা, নিহত ৬

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় হারিকেন লরার আঘাতে এ পর্যন্ত ছয়জন মারা গেছেন। জানা গেছে,  আঘাত হানার সময় হারিকেন লরার  বাতাসে গতিবেগ ছিলো প্রতি ঘণ্টায়  ২৪০  কিলোমিটার। হারিকেনের তাণ্ডবে সেখানকার পাঁচ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। 

তবে হারিকেন লরার প্রভাবে যে ২০ ফুট জলোচ্ছাসেরর আশঙ্কা করা হচ্ছিল তেমনটি হয়নি। হারিকেনটি এখন দুর্বল হয়ে
গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে বলে জানা গেছে।   

স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের(এনএইচসি) পক্ষ থেকে বলা হয়, হারিকেনটি দুর্বল হয়ে গেছে। এটির বাতাসে গতিবেগ  প্রতি ঘণ্টায়  ৬৫ কিলোমিটারে নেমে এসেছে। তবে এর প্রভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানা গেছে। 

 লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ড বলেন, আমরা এই প্রাকৃতিক দুর্যোগ থেকে যেমনটা ভুগবো বলে আশঙ্কা করছিলাম তেমনটা হয়নি। তবুও অনেক ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি জনগণকে সাবধানে থাকার আহ্বান জানান।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে তিনি সপ্তাহের শেষে  ক্ষতিগ্রস্ত অঞ্চলটি পরিদর্শনে যাবেন। 

ইত্তেফাক/এআর