জেগে ওঠা চরে ঝাণ্ডা উড়লো এমপি পুত্রের

ভোলার তজুমদ্দিন উপজেলার বড়ো মলংচড়া ইউনিয়নের মেঘনায় জেগে উঠা নতুন চর ভোলা-৩ (তজুমদ্দিন লালমোহন ) আসনের সরকার দলীয় সংসদ সদস্যে নুরুন্নবী চৌধুরী শাওনের পুত্র রাইয়ান চৌধুরী’র নামে নামকরণ করা হয়েছে। তবে অনেকেই দাবি করেছেন, এ ব্যাপারে এমপি কিংবা তার ছেলে কিছুই জানেনা।

বড়ো মলংচড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুন্নবী শিকদার বাবুল জানান, মেঘনার মলংচড়া অংশে বড়ো আকারে একটি নতুন চর জেগে উঠে। ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আনুষ্ঠানিকভাবে চর রাইয়ান চৌধুরী নামকরণের মাধ্যমে ভূমিহীন অসহায় পরিবারগুলোকে পূনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা ভূমি অফিসসহ সংশিষ্ট দপ্তরে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। 

তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. আল নোমান জানান, মেঘনায় জেগে উঠা চরের ডিয়ারা জরপির জন্য জরিপ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। ওই চরের ম্যাপ হওয়ার পর জেলা কালেক্টরেট চরের নামকরণ করবেন। এমপি পুত্রের নামে নামকরণ করে ফেসবুকে পোস্ট দিয়ে অসৎ উদ্দেশ্যে একটি মহল চাটুকারিতা করছেন। 

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি মন্তব্য করেন, এব্যাপারে এমপি বা এমপি পুত্র কিছুই জানেন না। রাজনৈতিক উচ্ছিষ্টভোগী চাটুকাররা এভাবে চাটুকারিতা করে এমপি’র কাছ থেকে অবৈধ সুবিধা নেওয়ার মতলব করছে মাত্র।

ইত্তেফাক/এসি