এই সময়ের ছড়া

লেখক হওয়া ভীষণ দায়

লেখক হওয়া ভীষণ দায়

সকাল দুপুর কী সন্ধ্যায়

মধ্যরাতে ধলপহরে

কী গেরামে, কী শহরে!

 

লেখক হলেও বেকায়দায়

তার টাকাতে কে খায়দায়?

লেখার তো নাই মায়না

টাকা-পয়সা পায় না।

 

কেউ কেউ দেয় ছিঁটেফোঁটা

অন্যরা দেয় কেবল খোঁটা!

লজ্জা-শরম নেই তোদের?

ছাপছি লেখা এই তো ঢের।

 

কেউ কেউ দেয় সম্মানী

সম্মান যে কম, মানি!

তাই কি এমন যা-তা সে!

উড়েই যাবে বাতাসে?

 

কম, ঠিক আছে, ধরি, কমই

হয় না গাড়ি, হয় না জমি

হয় না জুতো, হয় না জামা

হয় মিথ্যে খোয়াবনামা!

 

একটি বেলার আহার্য!

না, জানি, নেই তাহার জো!

 

তবু কী আশ্চর্য ব্যাপার

হচ্ছে লোকে হন্যে

মানব-মনে একটুখানি

আসন পাবার জন্যে!