দোহারে আগুনে কিশোরীর মৃত্যু

ঢাকার দোহার উপজেলায় বসতঘরে আগুন লেগে নিপা সাহা (১৪) নামে এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ জয়পাড়া খাড়াকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিপা সাহা ঐ গ্রামের ধীরেন সাহার মেয়ে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দোহার থানার উপ-পরিদর্শক রকিবুল ইসলাম জানান, নিপা জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী। তার বাবা বাকপ্রতিবন্ধী। সন্ধ্যায় নিপার মা মেয়েকে বাড়িতে একা রেখে মন্দিরে গিয়েছিলেন উপাসনার জন্য। তার বাবাও বাড়িতে ছিলেন না। রাত পৌনে ৮টার দিকে তাদের বসতঘরে আকস্মিক আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিয়ে তাত্ক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালান। সংবাদ পেয়ে দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষণে ঘরের সব মালামাল পুড়ে যায় ও নিপাকে মৃত অবস্থায় পাওয়া যায়। উপ-পরিদর্শক রকিবুল ইসলাম আরো জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।