নন্দীগ্রামে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের তুলাশন গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, তুলাশন গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন (৫০) ও তার ছেলে শরিফুল ইসলাম (২৬)।
জানা গেছে, ঐ গ্রামের শাহিন আলম তার পুকুরের মাছ চুরি ঠেকাতে রাতেরবেলা পুকুরের পানিতে কাঁটাতারের সাহায্যে বিদ্যুতায়িত করে রাখেন। শুক্রবার সকালে একই গ্রামের দুই শিশু পুকুরে রাখা নৌকায় উঠতে গেলে তারা ধাক্কা খেয়ে পুকুর পাড়ে পড়ে যায়। কারণ অনুসন্ধানের জন্য পুকুরের পানিতে নেমে প্রথমে মোফাজ্জল ও পরে শরিফুল বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যায়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, তাদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।