হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

হবিগঞ্জে সাবেক ও বর্তমান দুই ইউপি চেয়ারম্যানের লোকদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১০ জনকে আটক করেছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, দরিয়াপুর গ্রামের বাসিন্দা বর্তমান ইউপি চেয়ারম্যান মো. তাজউদ্দিন এবং সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আওয়ালের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে এদিন উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে জুমার নামাজের পর পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ইটপাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।