রাজশাহীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য গ্রেফতার

রাজশাহীতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম ইসমাইল হোসেন (২৪)। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে পুঠিয়া উপজেলার রঘুরামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার পলাশপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। শুক্রবার দুপুরে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র্যাব জানায়, র্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে জেলার পুঠিয়া উপজেলার রঘুরামপুর গ্রামে অভিযান চালিয়ে ইসমাইলকে গ্রেফতার করে। এ সময় ইসমাইল হোসেনের কাছ থেকে সাতটি উগ্রবাদী বই ও একটি লিফলেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।