মেসির বার্সেলোনা ছাড়ার ঘোষণায় ফুটবল দুনিয়া তোলপাড় হয়ে যাচ্ছে। কোটি কোটি ভক্ত যখন মেসির এমন সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার প্রার্থনা করছেন। তখন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন বলছেন ভিন্ন কথা। তার চোখে মেসি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।
বার্সেলোনা ছেড়ে অন্য ক্লাবে যাওয়ার এটাই নাকি উপযুক্ত সময়। সালাহউদ্দিন গত বৃহস্পতিবার বাফুফে ভবনে গণমাধ্যমকে বলেন, ‘মেসি পারফেক্ট সিদ্ধান্ত নিয়েছে। বার্সেলোনা এমন একটি দল রানার্সআপ হওয়াটাকে তারা ব্যর্থতা মনে করে। বার্সেলোনার এখন যে টিমটা আছে সেটা সেটেল্ড হতে আরো দুই তিন বছর লাগবে। মেসির যে ইমেজ সেটা এই দুই তিন বছরেই নষ্ট হয়ে যাবে। মেসির বয়স ৩৩, অবসর নেওয়ার বয়সের আশেপাশে চলে এসেছে। আর বার্সেলোনাকে রেজাল্ট পেতে দুই তিন বছর লেগে যাবে। আমার কাছে মনে হচ্ছে বার্সেলোনা ছাড়ার এটাই তার সঠিক সময়।’
২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে নাইজেরিয়ার বিরুদ্ধে ফিফা প্রীতি ম্যাচ খেলতে এসেছিল আর্জেন্টিনা। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার উদ্যোগ নিয়েছিলেন। সালাহউদ্দিন বললেন, ‘আমি ২০০৮ সালে সভাপতি হওয়ার আগে দেখলাম খেলা নেই। লিগ নেই। লিগ মাঠে গড়ানোর জন্য আন্দোলন চলছে। একটা তরুণ প্রজন্ম ফুটবল থেকে হারিয়ে গেছে।
সভাপতি হওয়ার পর চিন্তা করে দেখলাম যদি আর্জেন্টিনাকে ঢাকায় এনে খেলানো যায় তাহলে মেসি আসবেন। ইয়াং জেনারেশন আগ্রহী হবে ফুটবলে।’ নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ হলেও আর্জেন্টিনার ঢাকায় আসার দিনে মেসিকে দেখার জন্য সেদিন পথে পথে তরুণ প্রজন্মের ফুটবল উন্মাদনা চোখে পড়েছে। সড়কের দুই পাশে দাঁড়িয়ে বাংলাদেশ আর্জেন্টিনার পতাকা নিয়ে মেসিকে স্বাগত জানিয়েছিল ফুটবল অনুরাগীরা।
অনেক প্রতিকূলতার মধ্যেও সেদিন মেসিসহ আর্জেন্টিনাকে ঢাকায় এনেছিলেন বাফুফে সভাপতি। সে দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান এটা তার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। তিনি বলেন, ‘এখন ফিফায় স্টাবলিস্ট হয়ে গেছে বাংলাদেশ নিরাপদ একটা দেশ। বড় বড় ফুটবলার খেলে গেছে অন্য দেশগুলো মনে করবে এখানে খেলতে যাওয়া য়ায়।’