প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার সুযোগ পেতে যাচ্ছে ঐতিহ্যবাহী এই ফরম্যাটটির নবীন সদস্য আফগানিস্তান। আসছে সাত ডিসেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে এই টেস্টটি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নাজিম জার আব্দুলরহিমজাই এই খবর নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে ২১ নভেম্বর শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার মাটিতে আফগানিস্তানের প্রথম টেস্ট। কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতিতে ঠিক করা হয়েছে নতুন সূচি। শুরুতে দিবারাত্রির টেস্ট আয়োজনের কথা ছিল। তবে পরিস্থিতি ও প্রস্তুতি বিবেচনা করে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে লাল বলের টেস্টই আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
আব্দুলরহিমজাই বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টেস্টটি আমরা ডিসেম্বরে খেলতে যাচ্ছি। যেহেতু আমরা আগে দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলিনি, তাই তাদের কাছে আমরা অনুরোধ করেছি দিবারাত্রির টেস্টের বদলে সাধারণ টেস্ট ম্যাচ খেলতে। অস্ট্রেলিয়া সফরের আগে আমরা আরব আমিরাতে ক্যাম্প করব এবং একমাত্র টেস্টের আগে সেখানে আমরা অনুশীলন ম্যাচ খেলার প্রত্যাশা করছি।’ এখন পর্যন্ত চারটি টেস্ট খেলে দুটিতে জিতেছে আফগানিস্তান। অস্ট্রেলিয়া সফরের আগে দেশটিতে পৌঁছে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে আফগান ক্রিকেটারদের।