শুরুর আগেই ধাক্কা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। আরব আমিরাতে অবস্থানরত চেন্নাই সুপার কিংস (সিএসকে) দলের ১৩ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১২ জন সাপোর্টিং স্টাফ ও একজন ক্রিকেটার।
এই ১৩ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে, দলসূত্রে জানানো হয়েছে তারা প্রত্যেকেই ভালো আছেন। চেন্নাই দলের কোয়ারেন্টাইনের মেয়াদ ১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবারই তাদের অনুশীলন শুরু করার কথা ছিল। তবে, সেটা আপাতত হচ্ছে না।
চেন্নাইয়ের সঙ্গে যুক্ত এতজন করোনা আক্রান্ত হওয়ায় এই পরিস্থিতিতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন উঠছে। যদিও বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বা সিএসকে কারো পক্ষ থেকেই সরকারিভাবে এ নিয়ে কোনো বিবৃতি এখনো আসেনি।
আইপিএলের সূচি এখনো ঘোষণা করা হয়নি। তবে, আগেই বিসিসিআই জানিয়ে রেখেছে আগামী ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। চলবে ৮ নভেম্বর পর্যন্ত।