চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার তৈরি স্পুটনিক ৫ নামের করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখন তিনি বলেছিলেন, টিকাটি কার্যকর ও নিরাপদ। তার দুই মেয়ের মধ্যে একজন এ টিকা নিয়েছে। সামান্য জ্বর ছাড়া তার তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। পুতিন বৃহস্পতিবার বলেছেন, তার যে মেয়েটি করোনা ভাইরাসের টিকা নিয়েছিল, তার শরীরে কোভিড অ্যান্টিবডি তৈরি হয়েছে।
রশিয়া ২৪ নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে পুতিন বলেছেন, ‘আজ আমাদের বিশেষজ্ঞদের কাছে অত্যন্ত স্পষ্ট যে এই টিকাটি একটি স্থিতিশীল প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং আমার মেয়ের মতো অ্যান্টিবডি তৈরি করে। এটি ক্ষতিকর নয়। ঈশ্বরকে ধন্যবাদ, আমার মেয়ে ভালো আছে।’ রুশ প্রেসিডেন্ট বলেন, ‘তার মেয়ের টিকা নেওয়ার পর প্রথম দিন তাপমাত্রা ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল আর দ্বিতীয় দিন তা ৩৭ ডিগ্রির কিছুটা বেশি। ২১ দিন পর দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর তাপমাত্রা সামান্য বেড়ে যাওয়া ছাড়া আর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।’ খবর স্পুটনিক নিউজের।
করোনা ভ্যাকসিন কবে আসছে তাই নিয়ে যখন দুশ্চিন্তায় গোটা বিশ্ব, তখনই বিশ্বের প্রথম টিকার অনুমোদন দিয়ে বাজিমাত করে রাশিয়া। পুতিন তার সাক্ষাত্কারে আরো বলেছেন, রাশিয়ার তৈরি আরেকটি কোভিড-১৯ টিকা সেপ্টেম্বর মাসে প্রস্তুত হয়ে যাবে।