করোনা ভাইরাসের উত্পত্তিস্থল নিয়ে সংশয় প্রকাশ করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জি। বৃহস্পতিবার নরওয়েতে এক অনুষ্ঠানে তিনি বলেন, চীনে উত্পত্তির পরেই যে বিশ্ব জুড়ে করোনার বিস্তার হয়েছে, সেটা এখনো নিশ্চিত নয়। এ কথার মাধ্যমে তিনি ভাইরাসটির উত্পত্তি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অন্য দেশগুলোর অবস্থান নিয়ে সংশয় প্রকাশ করলেন। নরওয়ে সফরে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ওয়াং জি এসব বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার বিষয়টি সবার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) চীনই জানিয়েছিল। এর মানে এটা নয় যে, ভাইরাসটির উত্পত্তি চীনে হয়েছে।’ তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে বিগত কয়েক মাস ধরে আমরা বেশকিছু সংবাদ প্রতিবেদন দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে, বিশ্বের বিভিন্ন অংশে ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হয়েছিল এবং অনেক স্থানে প্রাদুর্ভাব শুরু হয়েছে চীনেরও আগে।’ করোনাকে ‘চীনা ভাইরাস’ হিসেবে অভিহিত করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াং জি বলেন, ‘কোথা থেকে এবং কীভাবে প্রথমবার ভাইরাসটির উত্পত্তি হয়েছে, বিষয়টি বিজ্ঞানী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ওপর ছেড়ে দেওয়াই উচিত। এটা নিয়ে কোনোভাবেই রাজনীতি করা উচিত নয়।’