লাতিন আমেরিকায় করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। এ অঞ্চলের বেশির ভাগ দেশ করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় ও সিএনএনের যৌথভাবে করা হিসাবে দেখা গেছে, মহামারি শুরুর পর লাতিন আমেরিকার দেশগুলোতে ৭০ লাখের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার দিন শেষে লাতিন অঞ্চলের দেশগুলোতে কোভিড-১৯ আক্রান্ত হিসেবে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭০ লাখ ২০ হাজারের বেশি। করোনার সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে ব্রাজিলে। দেশটিতে ৩৭ লাখ ৬১ হাজার ৩৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। বিশ্বে শীর্ষ আক্রান্ত দেশগুলোর তালিকায় সবচেয়ে বেশি কোভিড-১৯ পজিটিভ রোগী নিয়ে প্রথমে থাকা যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান। ব্রাজিলের পর এই তালিকায় রয়েছে যথাক্রমে—পেরু, মেক্সিকো, কলম্বিয়া এবং চিলি।
মাত্র ১৩ দিনে লাতিন আমেরিকায় করোনার সংক্রমণ ৬০ লাখ থেকে ৭০ লাখ ছাড়াল। এর আগে ৫০ লাখ থেকে ৬০ লাখ ছাড়িয়েছিল মাত্র ১১ দিনে। তবে লাতিন অঞ্চলে করোনার সংক্রমণে আগের চেয়ে কিছুটা ধীরগতি দেখা গেছে। সরকারিভাবে দেওয়া হিসাব থেকে দেখা গেছে, বুধবার পর্যন্ত সাত দিনে অঞ্চলটির দেশগুলোতে দৈনিক সংক্রমণ শনাক্তের সংখ্যা ছিল গড়ে প্রায় ৭৭ হাজার ৮০০ জন, যা তার আগের সপ্তাহের প্রায় ৮৫ হাজারের চেয়ে কিছুটা কম।