ভাণ্ডারিয়ায় সিঁদ কেটে বাবা ও দুই ছেলেকে কুপিয়ে জখম

ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের মেদিরাবাদ-তারাবুনিয়া গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে বাবা ও দুই ছেলেকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৩টার দিকে পাঁচ-ছয় জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত সিঁধ কেটে আব্দুুল হাই হাওলাদারের ঘরে প্রবেশ করে বড় ছেলে হাসিবকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় তার চিত্কারে প্রথমে ছোট ভাই  ছায়েদ ও পরে বাবা আব্দুল হাই এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। আহতদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার আব্দুল মান্নান শাকিল জানান, আহত হাসিব এবং আব্দুল হাইয়ের অবস্থা আশঙ্কাজনক। তাদের মাথায় ও চোখে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

অপরদিকে একই রাতে উপজেলার আতরখালী গ্রামে পারিবারিক কলহের জের  ধরে ছয় জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। আহতরা হচ্ছেন আঃ গফফার, আঃ ওয়াহাব, সনিয়া, ছিদ্দিকুর রহমান, আঃ লতিফ, আলি  হায়দার। আহতদের মধ্যে চার জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দুই জনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাণ্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, মেদিরাবাদ তারাবুনিয়ার ঘটনায় আহত আব্দুল হাইয়ের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচ-ছয় জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।