গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৭ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৭৪ জন। এর মধ্যে ২ হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে শুধু ঢাকা বিভাগেই। বাকি মৃতদের মধ্যে ৯১১ জন চট্টগ্রাম বিভাগের, ২৭৯ জন রাজশাহী বিভাগের, ৩৪৭ জন খুলনা বিভাগের, ১৬০ জন বরিশাল বিভাগের, ১৮৮ জন সিলেট বিভাগের, ১৮১ জন রংপুর বিভাগের এবং ৮৯ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। এক দিনে ৪৭ জনের মৃত্যুর মধ্যে ২৯ জন ঢাকা বিভাগের। শুক্রবার পর্যন্ত হালনাগাদ যে তথ্য আইইডিসিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায়, ঢাকা মহানগরে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭৭ হাজার ৯১৫ জন। মহানগরের বাইরে ঢাকা জেলার অন্যান্য অংশে এই সংখ্যা ৪ হাজার ৫১৫ জন।
গতকাল শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ২১১ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জন হলো। আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৩ হাজার ৩৭৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩৬ জন হয়েছে।
শুরুতে রাজধানী ঢাকা ও পাশের জেলা নারায়ণগঞ্জেই এ ভাইরাসের প্রকোপ ছিল বেশি। সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়েছে সারা দেশে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯২টি ল্যাবে ১৩ হাজার ৭৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৫ লাখ ১৪ হাজার ১২৬টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ০৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ১৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ জন, নারী ১৫ জন। তাদের মধ্যে ২০ বছরের বেশি বয়সি চার জন, ত্রিশোর্ধ্ব এক জন, চল্লিশোর্ধ্ব পাঁচ জন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন এবং ষাটোর্ধ্ব ২৬ জন ছিলেন। তাদের মধ্যে ২৯ জন ঢাকা বিভাগের, তিন জন চট্টগ্রাম বিভাগের, দুই জন রাজশাহী বিভাগের, সাত জন খুলনা বিভাগের, এক জন বরিশাল বিভাগের, এক জন সিলেট বিভাগের এবং চার জন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।