খুলনায় একদল সন্ত্রাসীর দিকে ছোড়া এক ঠিকাদারের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বিদ্ধ হয়েছে লামিয়া (১৩) নামে এক স্কুলছাত্রীর গায়ে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর মিস্ত্রীপাড়া আরাফাত জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। লামিয়া আরাফাত জামে মসজিদ এলাকার বাসিন্দা মো. জামাল হোসেনের মেয়ে ও ইকবালনগর সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ২ রাউন্ড গুলির খোসা জব্দ করেছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, মিস্ত্রীপাড়ার বাসিন্দা ঠিকাদার শেখ ইউসুফ আলী নগরীর বাবু খান রোডের সংস্কারের কাজ পেয়েছেন। এই কাজটি নেওয়ার জন্য কয়েক জন সন্ত্রাসী বেশ কয়েক দিন ধরে তাকে চাপ দিয়ে আসছে। সন্ত্রাসীরা গতকাল ইউসুফ আলীর বাড়িতে গিয়ে তাকে হুমকি দেয়। এ সময় ইউসুফ আলী সন্ত্রাসীদের লক্ষ্য করে তার লাইসেন্স করা পিস্তল দিয়ে ২ রাউন্ড গুলি ছোড়েন। এর একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাড়ির গেটে দাঁড়িয়ে থাকা স্কুলছাত্রী লামিয়ার বাম পায়ের উরুতে বিদ্ধ হয়। এতে সে অচেতন হয়ে পড়ে। দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডে কর্তব্যরত চিকিত্সক ডা. অনিরুদ্ধ সরকার জানান, লামিয়া বর্তমানে বিপদমুক্ত। তবে তার পায়ের বড় ধরনের ক্ষ?তির আশঙ্কা রয়েছে। তিনি জানান, লামিয়ার বাঁ-পায়ের উরুতে গুলিটি বিদ্ধ হয়েছে। তবে এটি হাঁড়ে না লেগে মাংসের মধ্যে ঢুকে আছে। শনিবার তাকে অর্থপেডিক্স চিকিত্সককে দেখানো হবে। এরপর তার পরবর্তী চিকিত্সার ব্যবস্থা গ্রহণ করা হবে।