ছোট বোনের জন্মদিনে বন্ধুকে নিয়ে মাস্তি করতে গিয়ে বিষাক্ত মদপানে মৃত্যু হয়েছে দুই কলেজছাত্রের। তারা হলো—বনগ্রামের সুবাসের ছেলে আকাশ সাহা (১৮) ও তার বন্ধু একই গ্রামের নন্দদুলালের ছেলে শুভ সাহা (২২)। সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রামে আকাশের বোনের জন্মদিন উদ্যাপন শেষে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার আকাশের বোন টিকলী রানির জন্মদিন ছিল। এ উপলক্ষ্যে আকাশের বাড়িতে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাতে সবাই ঘুমাতে গেলে আকাশ ও শুভ দুই বন্ধু অন্য রুমে ঘুমাতে যায়। রাতে পাবনা পলিটেকনিক কলেজের ছাত্র আকাশ ও ঢাকা স্টামফোর্ড কলেজের আইন বিষয়ের ৩য় বর্ষের ছাত্র শুভ মদ পানের পর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ আকাশকে রাতেই পাবনা সদর হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে শুভ সাহাকে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে রাত ২টার দিকে মারা যায়। দুই বন্ধুর পরিবারের সদস্যরা শোকে মাতম হয়ে পড়েছে। সংবাদ পেয়ে আতাইকুলা থানা পুলিশ শুক্রবার দুপুর ২টার দিকে লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করেন। প্রকাশ কয়েকমাস আগে উপজেলার ধুলাউড়িতে বিষাক্ত মদ পানে দুই জন মারা যায়। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আলম জানান, লাশের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।