মধ্যরাতে বাল্যবিবাহের আয়োজন

ময়মনসিংহের নান্দাইল শহরের দশালিয়ায় বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে গোপনে এক কিশোরীকে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টাকালে নিবন্ধন বইসহ এক ভুয়া কাজি ও পাত্রীর দুই মামাকে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এই দণ্ডাদেশ দিয়েছেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার লংপুর গ্রামের মৃত আ. ছোবানের ছেলে ভুয়া কাজী আবুল হাসেম এবং দশালিয়া মহল্লার মৃত আ. গফুরের দুই ছেলে শফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম। এর মধ্যে ভুয়া কাজি প্রমাণিত হওয়ায় আবুল হাসেমকে এক মাসের এবং অন্য দুই জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জানা গেছে, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের পুরানবাড়ী গ্রামের আবেদ আলীর কন্যা বিউটি আক্তারকে নান্দাইল পৌরশহরে মামার বাড়িতে রেখে মধ্যরাতে গোপনে উপজেলার অরণ্যপাশা গ্রামের জনৈক পাত্রের সঙ্গে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা চলছিল। এ সময় স্থানীয় এক ব্যক্তি ইউএনওকে ফোনে বিষয়টি জানালে প্রশাসন অভিযান চালায়। তবে এ সময় বরপক্ষের কাউকে বিয়ে বাড়িতে পাওয়া যায়নি।