গাজীপুরে অপহরণের ১৩ দিন পর যুবক উদ্ধার, দুই ভাই আটক

গাজীপুরে অপহরণের ১৩ দিন পর অপহূত এক যুবককে উদ্ধার এবং অপহরণের সঙ্গে জড়িত দুই ভাইকে আটক করেছে র্যাব-১। বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা সংলগ্ন আউটপাড়া এলাকা থেকে যুবককে উদ্ধার ও দুই ভাইকে আটক করা হয়। অপহূত যুবকের নাম মো. ইশতিয়াক (২০)। সে কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা এলাকার মো. আমির আলীর ছেলে। আটককৃতরা হলো —মো. শামীম মোল্লা (২২) ও মো. রাজু মোল্লা (২০)। তাদের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার সুরবান্দি গ্রামে। তারা গাজীপুর চন্দনা চৌরাস্তা এলাকার আলমাছের বাড়িতে ভাড়া থাকতো। অপহরণকারীদের কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং ভিকটিমের স্বাক্ষরিত ১০০ টাকা মূল্যের তিনটি সাদা স্ট্যাম্প এবং অজ্ঞান কাজে ব্যবহূত মলম উদ্ধার করেছে র্যাব।

র্যাব-১ এর গাজীপুরের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন শুক্রবার জানান, গত ১৫ আগস্ট কর্মস্থল নারায়ণগঞ্জ যাওয়ার পথে গাজীপুর মহানগরীর নাওজোর থেকে অপহরণ করা হয় মো. ইশতিয়াককে। এ ঘটনায় অপহূতের পরিবার কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করে। পরে বিষয়টি র্যাবকে জানালে র্যাব অভিযান চালিয়ে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকা থেকে অপহূতকে উদ্ধার ও অপহরণের সঙ্গে জড়িত দুই ভাইকে একই এলাকা থেকে আটক করা হয়।

অপহরণকারীরা ইশতিয়াকের মোবাইল ফোন থেকে মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করে। অন্যথায় অপহরণকারীরা তাকে হত্যা করে লাশ গুম করবে বলে জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ইশতিয়াককে অপহরণের কথা স্বীকার করেছে।