করোনা টিকা: পুতিনের মেয়ের দেহে অ্যান্টিবডি তৈরি

রাশিয়ার তৈরি করোনা ভাইরাসের টিকা নেওয়ার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ের দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে। তিনি এখন সুস্থ আছেন বলে দাবি করা হচ্ছে।

রাশিয়া২৪ সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তবে তিনি স্পষ্ট করেননি কোন মেয়ের দেহে তৈরি হয়েছে অ্যান্টিবডি। 

প্রেসিডেন্ট পুতিন জানান, এই টিকার মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হয়েছে, যা আমার মেয়ের ক্ষেত্রেও ঘটেছে। এটি ক্ষতিকর নয়। আমার মেয়ে ভালো আছে।

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে রাশিয়া আরেকটি টিকা তৈরি করছে। সেপ্টেম্বর মাসে সেটি প্রস্তুত হয়ে যাবে বলে জানান পুতিন।

রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, স্পুটনিক ভি (স্পুটনিক ৫) হলো বিশ্বে প্রথম করোনা ভাইরাসের টিকা। 

বিশ্বে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়ন। সেই ঘটনাকে স্মরণে রেখে করোনা টিকার নাম রাখা হয়েছে স্পুটনিক।

১১ আগস্ট এই টিকা অনুমোদনের ঘোষণা করেন প্রেসিডেন্ট পুতিন। এরপর তার এক মেয়ের শরীরে ওই টিকা প্রয়োগের কথাও জানান তিনি।

টিকা নেওয়ার পর প্রথম দিনে তার মেয়ের শরীরে তাপমাত্রা ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল। দ্বিতীয় দিন তাপমাত্রা হয় ৩৭ ডিগ্রির কিছু বেশি।

ইত্তেফাক/জেডএইচ