চেন্নাই শিবিরে বাড়ছে
করোনার প্রকোপ
স্পোর্টস ডেস্ক
সপ্তাহদুয়েক আগেই দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা। এবার আরেকটা দুঃসংবাদ দিলেন সুরেশ রায়না। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে খেলতে পারবেন না।
চেন্নাই সুপার কিংস (সিএসকে) এই খবর নিশ্চিত করেছে। জানা গেছে, ব্যক্তিগত জরুরি কারণেই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।
সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে এসেছেন রায়না। দলের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথন টুইটে লিখেছেন, ‘ব্যক্তিগত কারণে সুরেশ রায়না দেশে ফিরেছেন এবং গোটা আইপিএল মৌসুমেই তাকে পাওয়া যাবে না। চেন্নাই সুপার কিংস সুরেশ রায়না এবং তার পরিবারের পাশে রয়েছে।’
গত কয়েক মাস ধরে চোটে জর্জরিত ছিলেন রায়না। তবে নিজেকে ফিট করে তুলেছিলেন আইপিএলের আগে। চেন্নাইয়ের জার্সি গায়ে পারফর্ম করতে মুখিয়ে ছিলেন মিস্টার আইপিএল। তবে এবার আর পুরোনো যোদ্ধাকে পাচ্ছে না চেন্নাই। এবারই প্রথমবারের মতো চেন্নাই আইপিএলে থাকার পরও থাকছেন না রায়না। এ নিয়ে এক দিনের ব্যবধানে আবারও বড় আঘাত লাগল চেন্নাই শিবিরে। শুক্রবারই জানা গেছে যে চেন্নাই শিবিরে হানা দিয়েছে করোনা। শিবিরের ১২ জন সদস্য করোনা পরীক্ষায় পজিটিভ এসেছিলেন সেদিন। তার মধ্যে এক জন ভারতীয় পেসারও আছেন বলে জানা গেছে। এরপর গতকাল বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছে, সিএসকের মোট ১৩ জন সদস্যর কোভিড-১৯ পজিটিভ এসেছে। এর মধ্যে ক্রিকেটার আছেন দুই জন। ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে, করোনা পরিস্থিতিতেও আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়ে থাকতে পারেন রায়না।
আইপিএলের সূচি এখনো ঘোষণা করা হয়নি। তবে, আগেই বিসিসিআই জানিয়ে রেখেছে আগামী ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। চলবে ৮ নভেম্বর পর্যন্ত। তবে, করোনার পরিস্থিতিতে আবারও আইপিএলের গভর্নিং কমিটির কপালে দুশ্চিন্তার ভাঁজ জমেছে।