মেসি-বিচ্ছেদ

আগেই জানত বার্সা!

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনাকে লিওনেল মেসি ব্যুরোফ্যাক্স পাঠানোর ঘটনায় ফুটবল বিশ্বকে যতটা হতবাক করেছে, খোদ বার্সা বোর্ডকে হয়তো ততটা বিস্মিত করেনি। কারণ ক্লাবটি বহু আগে থেকেই জানত অধিনায়কের ক্লাব ছাড়ার পূর্বাভাস, জানাচ্ছে মার্কা।

গত জুনে চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু হলেও মধ্যপথেই তা থমকে যায় মেসির নির্দেশে। এরপর জুলাই মাসেই মেসি আর তার এজেন্টের সিদ্ধান্ত হয় এ মৌসুম শেষেই ক্লাব ছাড়ার। যে ব্যাপারটা অনানুষ্ঠানিকভাবে বার্সা বোর্ড জানত সে সময় থেকেই, যা আনুষ্ঠানিক হয় গত মঙ্গলবারের ব্যুরোফ্যাক্সের মাধ্যমে।

মেসির বিশ্বস্ত সূত্রের সবাই আর্জেন্টাইন ফরোয়ার্ডের ক্লাব ছাড়ার দিকে ইঙ্গিত করছে। তবে বিপরীত মত বার্সেলোনার। ক্লাবটি এখনো বিশ্বাস করে, মেসিকে তার চুক্তির প্রতি সম্মান দেখাতেই হবে, কারণ তিনি গত ১০ জুনের আগে ক্লাব ছাড়ার অভিপ্রায় প্রকাশ করেননি। আর আর্জেন্টাইন তারকাকে যদি অগত্যা ক্লাব ছাড়তেই হয়, আগ্রহী ক্লাবকে পরিশোধ করতে হবে ৭০০ মিলিয়ন ইউরোর ‘রিলিজ ক্লজ’। আর্জেন্টাইন তারকার আইনজীবীরা গত শুক্রবার জানিয়েছিলেন, মেসি আর বার্সেলোনায় থাকতে চান না। তবে সেটা বৈরী আবহাওয়ায় হোক সেটা চাননা তিনি, চাননা নীরবে-নিভৃতে ক্লাব ছাড়তেও। আর তাই বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন মেসির আইনজীবীরা।

সে প্রস্তাবের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও উত্তর পায়নি মেসি-পক্ষ। যদিও ক্লাব পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা শুধু তখনই আলোচনায় বসবে যখন বৈঠকটা হবে চুক্তি নবায়নের জন্য, মেসির সঙ্গে ক্লাব ছাড়তে চাওয়া কোনো আলোচনাতেই বসবে না বার্সেলোনা। কাতালান ক্লাবটি আরো জানিয়েছে, আর্জেন্টাইন তারকাকে পেতে হলে রিলিজ ক্লজের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।দুই পক্ষের এমন বিপরীতমুখী অবস্থানের কারণে পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে। শঙ্কা সৃষ্টি হয়েছে বার্সা আর মেসির আদালতে মুখোমুখি হওয়ারও।