রয়টার্স
চীনের উহান শহরের সব স্কুল আগামী মঙ্গলবার থেকে খুলে দেওয়া হচ্ছে। গত বছরের ডিসেম্বরে হুবেই প্রদেশের এ রাজধানীতেই চীনের মধ্যে প্রথম কোভিড-১৯ রোগীর সন্ধান মিলেছিল। এরপর থেকে এখানে ব্যাপক করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। আর সে কারণেই উহানকে করোনার ‘উত্পত্তিস্থল’ বলে মনে করা হয়। শহরটির স্থানীয় সরকার শুক্রবার এক ঘোষণায় জানায়, আগামী ১ সেপ্টেম্বর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শরত্কালীন পাঠদান শুরু হবে। এ ঘোষণার ফলে ১৪ লাখ শিক্ষার্থীর জন্য উহানের ২ হাজার ৮৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বার ফের উন্মোচিত হতে চলেছে। এর আগে সোমবার থেকে উহান বিশ্ববিদ্যালয়ও খুলে দেওয়া হয়। স্কুল খুলে দেওয়ার নির্দেশনায় শিক্ষার্থীদের স্কুলে যাওয়া-আসার পথে মাস্ক পরে থাকতে এবং সম্ভব হলে গণপরিবহন এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে শহর কর্তৃপক্ষ। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয়সংখ্যক সুরক্ষা উপকরণ ও সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম মজুত করতে এবং নতুন করে প্রাদুর্ভাব দেখা দিলে কী কী করতে হবে সে সংক্রান্ত প্রশিক্ষণ ক্লাস নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সংক্রমণ ফের বাড়তে দেখা গেলে কিংবা ঝুঁকির মাত্রা বদলালে শিক্ষার্থীদের আবার অনলাইন শিক্ষাদান পদ্ধতিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা প্রস্তুত, বলেছে তারা। তবে বিদেশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো বার্তা পাননি তাদেরকে উহানে ঢোকার অনুমোদন দেওয়া হবে না।