আলজাজিরা
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মালয়েশিয়ায় বিধিনিষেধের মেয়াদ আরো বাড়ানো হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশি পর্যটকদের সেদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
শুক্রবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মুহিইদ্দিন ইয়াসিন বলেন, বৈশ্বিক করোনা ভাইরাস পরিস্থিতি এখনো খারাপের দিকে। দেশের অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ফের গুচ্ছ সংক্রমণ শুরু হয়েছে। তিনি বলেন, সব দিক বিবেচনায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশি পর্যটকদের মালয়েশিয়া ভ্রমণ নিষিদ্ধ করা হচ্ছে। বিধিনিষেধের মেয়াদ বাড়লেও তা দৈনন্দিন কার্যক্রমকে ব্যাহত করবে না। বেশির ভাগ বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্কুল খোলা থাকবে। প্রধানমন্ত্রী বলেন, শুধু নৈশক্লাব ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে। নিষিদ্ধ থাকবে আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট। এছাড়া সীমান্তও বন্ধ থাকবে। যারা দেশে ঢুকবে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে যেতে হবে। তিনি বলেন, আমাদের সতর্কতামূলক পদক্ষেপের কারণে আমরা এর বিস্তার অনেকাংশে রুখতে পেরেছি। তাই সামনে যাতে এটি আর বাড়তে না পারে সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
দেশটিতে গত শুক্রবার নতুন রোগীর সংখ্যা ছিল মাত্র ১০ জন। এখন পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছে ৯ হাজারের বেশি। আর মারা গেল ১২৫ জন।