পেরুতে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে

এএফপি

পেরুতে করোনা ভাইরাস সংক্রান্ত জরুরি অবস্থার মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি এবং সবচেয়ে বেশি সংক্রমিত এলাকাগুলোতে লকডাউন দীর্ঘায়িত করা হয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

করোনায় বিশ্বে মৃত্যু হার দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে সবচেয়ে বেশি। দেশটিতে প্রতি লাখে ৮৬ জন কোভিড-১৯ রোগে প্রাণ হারিয়েছে। পেরুর প্রধানমন্ত্রী ওয়াল্টার মার্টস বলেন, ‘আগস্ট মাসের শেষ নাগাদ জাতীয় জরুরি অবস্থা বহাল রাখার পরিকল্পনা থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে তা সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘায়িত করা হলো।’

দেশটিতে ১ জুলাই থেকে রাজধানী লিমাসহ দেশের অবশিষ্ট অংশ থেকে বিভিন্ন বিধিনিষেধ তুলে নেওয়া শুরু হয়। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় কাসকো, মোকুয়েগুয়া, পুনো এবং টেকনা প্রদেশে লকডাউন বহাল রাখার ঘোষণা দেওয়া হয়েছে। পেরুতে ব্যাপকভাবে করোনা ছড়িয়ে পড়ার কারণে দেশব্যাপী সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান নিষিদ্ধ এবং এখনো কারফিউ বলবত্ রয়েছে। ৩ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ পেরুতে এ পর্যন্ত করোনা ভাইরাসে ৬ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে ২৮ হাজারেরও বেশি লোক।