আড়াই কিলোমিটার বেহাল যান চলাচলে দুর্ভোগ

মির্জাপুর-মফিজ মোড় সড়ক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর-মফিজ মোড় সড়কের প্রায় আড়াই কিলোমিটার বেহাল। সড়কটির বিভিন্ন স্থানে পিচ-পাথর উঠে তৈরি হওয়া গর্তে যানবাহন পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রাস্তাটি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের একটি  প্রকল্পের আওতায় নির্মিত হলেও বর্তমানে সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন বলে জানা যায়।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, এ রাস্তা দিয়ে চার-পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করেন। এছাড়া শিবগঞ্জ উপজেলার সবচেয়ে বড় বরই বাজার হওয়ায় উপজেলাসহ বিভিন্ন এলাকার বরই ব্যবসায়ী ও বরইবোঝাই বিভিন্ন যানবাহন এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন। রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।

দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম জুয়েল জানান, প্রায় দুই-তিন বছর থেকে রাস্তাটি বেহাল হলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমি রাস্তাটি সংস্কারের জন্য উপজেলায় বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে আবেদন করেছি। রাস্তাটি শুধু সংস্কারের আশ্বাস পেয়েছি কিন্তু বাস্তবে কিছুই হয়নি। তিনি আরো জানান, ‘আমি গত ছয় মাস আগে এলজিইডির শিবগঞ্জ কর্মকর্তা প্রকৌশলী মো. হারুন অর রশিদকে সরজমিন পরিদর্শনের জন্য নিয়ে এসেছিলাম। তখন তিনি আমাকে বলেছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম জানান, ‘আজ থেকে পাঁচ-ছয় বছর আগে আমাদের প্রকল্পে রাস্তাটি হয়েছিল। প্রকল্পটি বাস্তবায়ন হওয়ার পর থেকে আমাদের কাছে আর কোনো প্রকল্প আসেনি এবং কোনো নির্দেশনাও পাইনি। বর্তমানে এই রাস্তাটি উপজেলা এলজিইডির অধীনে। তারা এই রাস্তাটির বিষয়ে দেখাশোনা করছেন।’

শিবগঞ্জ উপজেলা এলজিইডির কর্মকর্তা প্রকৌশলী হারুন অর রশিদ জানান, ‘মির্জাপুর-মফিজ মোড়ের রাস্তাটির বিষয়ে আমরা জানি এবং রাস্তাটি মেরামতের জন্য প্রকল্পের আবেদন পাঠিয়েছি। প্রকল্পটি অনুমোদন পেলে আমরা রাস্তাটি মেরামতের কাজ করতে পারব।’