জয়পুরহাট প্রতিনিধি
নদী বা সাগর কোনোটিই নয়, জেলা শহরের অদূরে কেশবপুর মাঠে জলাবদ্ধতার কারণে নাম হয়েছে ’গঙ্গাসাগর’। সারা বছর পানি জমে থাকায় প্রায় শতাধিক বিঘা জমিতে কৃষিকাজ ব্যাহত হয়।
সরেজমিন ঘুরে এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক সূত্রে জানা যায়, জেলা শহর লাগোয়া সদর উপজেলার মোহাম্মাদাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেশবপুর এলাকার মাঠে দীর্ঘদিন ধরে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রায় শতাধিক বিঘা জমি জুড়ে ঐ জলাবদ্ধতার কারণে কোনো ফসলই এখানে চাষ করা সম্ভব হয় না কৃষকদের। মূলত ঐ মাঠের পানি যেত চিনিকলের ড্রেন দিয়ে। বর্তমানে চিনিকলের ময়লা পানি সংরক্ষণের জন্য ড্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে। পানিতে ডুবে থাকা জমির মালিক নুরুন্নবী, শুভ কুমার মন্ডল, হাসান, সুজন কুমার মন্ডল জানান, জলাবদ্ধতা নিরসনের জন্য চিনিকল কর্তৃপক্ষসহ ইউপি চেয়ারম্যান বরাবর আবেদন করেও কোনো সমাধান হচ্ছে না। বর্তমানে রোপা আমনের চারা লাগানোর সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু জলাবদ্ধতার কারণে সেই চারা লাগাতে পারছেন না এলাকার ভুক্তভোগী কৃষকরা। জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. আবু বকর বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর কেউ অভিযোগ নিয়ে আসেনি। তবে আগের অভিযোগ থাকলে বিষয়টি খতিয়ে দেখবো। এ ব্যাপারে মোহাম্মাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য এলাকাবাসীর আবেদন নিয়ে অনেক দৌড়ঝাঁপ করেছি বিভিন্ন দপ্তরে। কিন্তু কোনো সমাধান করতে পারিনি। জলাবদ্ধতার নিরসন করে শতাধিক বিঘা জমির ফসল রক্ষার দাবি জানিয়েছে এলাকার কৃষকরা।