ট্রেনের ধাক্কায় দুই জনের মৃত্যু

চাটমোহর (পাবনা) সংবাদদাতা 

চাটমোহরে ট্রেনের ধাক্কায় রবিউল হোসাইন (৩০) নামের এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রবিউল হোসাইন একই উপজেলার গুনাইগাছা ইউনিয়নের আবু হোসাইনের ছেলে।

এলাকাবাসী জানায়, মানসিক প্রতিবন্ধী রবিউল প্রায়ই বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরেনি। সকালে হোগলবাড়িয়া গ্রামে একজন ট্রেনে কেটে নিহত হওয়ার খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে রবিউলের লাশ শনাক্ত করে।

ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নবীর উদ্দিন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গৌরীপুর রেল স্টেশনের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে ৪০/৪৫ বছরের অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে গৌরীপুর-ময়মনসিংহ রেলপথের গৌরীপুর রেল স্টেশনের হোম সিগন্যালের কাছে মোহনগঞ্জ-গৌরীপুর-ময়মনসিংহ-ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আশরাফ বলেন, অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।