হাওর ভ্রমণে এসে বিদ্যুত্স্পৃষ্টে প্রাণ গেল যুবকের

কিশোরগঞ্জ প্রতিনিধি

হাওরের সৌন্দর্য উপভোগ করতে এসে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক যুবক। ঘটনাটি ঘটেছে শুক্রবার মিঠামইন উপজেলার হাসানপুর সেতু সংলগ্ন এলাকায়। নিহত মাহমুদুল হাসান চৌধুরী গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার নালিয়াপাড়া গ্রামের আব্দুল মালেক চৌধুরীর ছেলে। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পে দিনাজপুরের ফুলপুর কার্যালয়ে সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার মাহমুদুল হাসান চৌধুরী বন্ধুদের নিয়ে ঢাকা থেকে হাওর দেখতে কিশোরগঞ্জে আসেন। ইঞ্জিনচালিত নৌকায় ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইন ঘুরে ফেরার পথে হাসানপুর সেতুর কাছে ওপর দিয়ে প্রবাহিত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে নৌকাটি বিদ্যুতায়িত হয়। নৌকায় থাকা গুরুতর আহত চার জনকে ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তির পর মাহমুদুল হাসান চৌধুরী মারা যান। মিঠামইন থানার ওসি জাকির রাব্বানী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।