হাসপাতাল থেকে পালানো আসামি গ্রেফতার

সহকারী প্রধান কারারক্ষীসহ

তিন জন বরখাস্ত

বিশেষ প্রতিনিধি

কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে মিটফোর্ড হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া আসামি মিন্টু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পালিয়ে যাওয়ার ১০ ঘণ্টা পর তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল  বেলা আড়াইটার দিকে বাবুবাজার ব্রিজের সামনে থেকে হাতকড়া পরা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। এ ঘটনায় সহকারী প্রধান কারারক্ষী মোবারক হোসেন, কারারক্ষী কামরুল ও আব্দুল আলিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।

তিনি বলেন, এর আগে ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতাল থেকে পালিয়ে যায় মিন্টু। সে টাঙ্গাইলের গোপালপুর থানার একটি মাদক মামলার আসামি। চিকিত্সার জন্য টাঙ্গাইল জেলা কারাগার থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হলে সেখান থেকে শুক্রবার রাতে তাকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।