বিশেষ প্রতিনিধি
উত্তর শাহজাহানপুরে চুরি করতে গিয়ে বহুতল ভবন থেকে পড়ে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।
শাহজাহানপুর থানার এসআই শহিদুল ইসলাম জানান, ভোরে উত্তর শাহজাহানপুরের একটি বাসার ছয়তলা ভবনের পাশ দিয়ে চারতলায় চুরি করতে ওঠে ঐ ব্যক্তি। সেখানে সানসেটে দাঁড়িয়ে জানালা দিয়ে চুরি করার সময় বাসার লোকজন টের পেলে ‘চোর চোর’ বলে ধাওয়া দেয়। তখন তাড়াহুড়া করে পালাতে গিয়ে চারতলা থেকে নিচের সীমানা প্রাচীরের ওপরে পড়ে রড ও কাঁটাতারে আটকে পড়ে ঐ ব্যক্তি।
শহিদুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মৃতদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।