ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ বিমান বাহিনীতে বিভিন্ন পদে ভুয়া চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রার্থীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আত্মসাতের অভিযোগে জড়িত চক্রের মূল হোতা ও সহকারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—অহিদুজ্জামান (৪০) এবং তার সহযোগী যশোর শার্শা থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মীর আশরাফুল ইসলাম (২৭)। গত শুক্রবার যশোর সদর উপজেলার বিমানবন্দর এলাকা থেকে সন্ধ্যায় দুই প্রতারককে আটক করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেছে বিমান বাহিনী কর্তৃপক্ষ। গতকাল শনিবার বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীতে বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে জনসাধারণের কাছ থেকে টাকা হাতিয়ে নিত প্রতারক চক্রটি। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা যশোর বিমানবন্দর এলাকা থেকে বিমান বাহিনীতে বেসামরিক পদে ভূয়া নিয়োগ বাণিজ্যে জড়িত চক্রের মূল হোতা ও তার সহযোগীকে আটক করে।