করোনা মোকাবিলায় অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগের উপহার

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও মোকাবিলায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বিভিন্ন সুরক্ষাসরঞ্জাম উপহার দিয়েছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ। এসব সামগ্রীর মধ্যে রয়েছে ১২ হাজার কভারল স্যুট এবং ২ লাখ গ্লাভস।

বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার এসব সামগ্রী সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমানের কাছে হস্তান্তর করেছেন। এ সময় অস্ট্রেলিয়ান হাইকমিশনার বলেন, বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধ করতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সম্মুখ সারির যোদ্ধা হয়ে কাজ করছে। এই অবদান অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে সুদৃঢ় সম্পর্কের প্রতিফলন হয়ে থাকবে। অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান এনসেল এসব উন্নতমানের সামগ্রী উত্পাদন করেছে বলে ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।