টঙ্গিবাড়ী মুন্সীগঞ্জ সংবাদদাতা
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে চিকিত্সকের ভুল চিকিত্সায় আঁখি বেগম (৩০) নামে একজন গৃহবধূর সন্তানসহ মৃত্যু হয়েছে। এমনটি অভিযোগ করে তার পরিবার। এ ঘটনায় শনিবার বেলা ১টায় টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন আঁখি বেগমের স্বামী পিন্টু ব্যাপারী।
পিন্টু ব্যাপারী জানান- আমার স্ত্রী আঁখির সন্তান প্রসবের জন্য বেসরকারি হাসপাতাল টঙ্গীবাড়ী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এ ভর্তি করি। তারা অপারেশন থিয়েটারে অজ্ঞানের সময় ভুল জায়গায় ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে গর্ভে থাকা সন্তানসহ আঁখিকে। আমি এই চিকিত্সক রফিক ও জেসমিন জাহান সুমার বিচার চাই।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ হারুন-অর-রশিদ জানান একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।