মঙ্গলবার থেকে আগের ভাড়ায় চলবে বাস :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, করোনা ভাইরাস মহামারির আগে গণপরিবহনে যে ভাড়া ছিল, আগামী ১ সেপ্টেম্বর থেকে সেই ভাড়া নেওয়া হবে। গতকাল শনিবার সকালে ঢাকা সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হয়ে আরো বলেন, সামগ্রিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনায় সরকার শর্ত সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মন্ত্রী বলেন, ‘এ ক্ষেত্রে আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন না করা এবং যাত্রী চালক সুপারভাইজারসহ সবাইকে মাস্ক পরা, যানবাহন জীবাণুমুক্ত রাখাসহ স্বাস্থ্যবিধি মানতে হবে।’ ওবায়দুল কাদের বলেন, ‘হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা রাখতে হবে। অর্থাত্ যত আসন তত যাত্রী পরিবহন নীতি কার্যকর হবে। দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাতে হবে। ট্রিপের শুরু এবং শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে।’

প্রসঙ্গত, করোনার কারণে গত ২৪ মার্চ থেকে বাংলাদেশে গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। ৬৬ দিনের লকডাউন শেষে গত ১ জুন থেকে শর্ত সাপেক্ষে বাস চলাচল শুরু হয়। এ সময় বাসে অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে প্রায় ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল। সেই বর্ধিত ভাড়া এখন প্রত্যাহার করা হয়েছে। আগের ভাড়ায় যাত্রী নেবে গণপরিবহন।