পর্যটনকেন্দ্রে শুধু করোনা জয়ীদেরই প্রবেশাধিকার!

করোনা সংক্রমণে মারাত্মক প্রভাব পড়েছে পর্যটন খাতে। দেশে দেশে করোনার প্রাদুর্ভাব কিছুটা কমে আসার পর কড়াকড়ি কমিয়ে আনা হলেও এখনো স্বাভাবিক হয়নি পর্যটন ব্যবসা। তবে স্বল্প পরিসরে হলেও কিছু দেশে পর্যটন স্পটগুলো ভ্রমণ পিপাসুদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় করোনায় নাস্তানাবুদ ব্রাজিলে খুলছে কিছু পর্যটন কেন্দ্র। তবে শর্ত দেওয়া হয়েছে—উন্মুক্ত হওয়া পর্যটন এলাকায় শুধু তারাই ভ্রমণ করতে পারবেন যারা একবার করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন। অর্থাত্ এখন পর্যন্ত করোনায় আক্রান্ত না হলে আপনি সেখানে প্রবেশ করতে পারছেন না। ব্রাজিলের পারনামবুকো রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, করোনা মহামারির পর থেকে বন্ধ থাকার পর আবারও খুলে দেওয়া হচ্ছে ফার্নান্দো দি নোরোনহা দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জে পর্যটকদের ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। তবে তার জন্য ভ্রমণপিপাসু দর্শনার্থীকে অবশ্যই করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হতে হবে। এক ঘোষণায় বলা হয়েছে, এখানে ভ্রমণ করতে হলে অনলাইনে আবেদন করতে হবে। একই সঙ্গে করোনা থেকে সুস্থ হওয়ারও সনদ থাকতে হবে।-ইউপিআই