বঙ্গবন্ধুর সমাধিতে পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন।

গতকাল শনিবার দুপুর ১টার দিকে মন্ত্রণালয়ের মহাপরিচালক ও কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর  ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সব শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী সেলিনা মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও মেরিটাইমস অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান খোরশেদ আলম, সচিব মাসুদ বিন মোমেনসহ মন্ত্রণালয়ের মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খাঁন, যুবলীগের সভাপতি মির্জা আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাবেক সভাপতি মো. ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম,  সাধারণ সম্পাদক মো. ফোরকান আলী বিশ্বাস প্রমুখ।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পাঁচ খুনির মধ্যে দুই জনকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তার মধ্যে এক জনকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা আশাবাদী। অন্যজনকে ফিরিয়ে আনার জন্য কিছু আইনি জটিলতা আছে। কিন্তু তাকেও ফিরিয়ে আনার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার আমরা তাই করছি।