বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনসমর্থন ও ভোটারবিহীন সরকারের টিকে থাকার অবলম্বনই হচ্ছে গুম। এই ধারা বয়ে চললে বাংলাদেশ অরাজকতার ঘন অন্ধকারে ডুবে যাবে। মানুষের স্বাভাবিক জীবনযাপন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে যাবে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি একথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে গুমের আতঙ্ক এখন সর্বত্র পরিব্যাপ্ত। দুঃশাসন থেকে উত্পন্ন হয় গুম ও বিচারবহির্ভূত হত্যার মতো মানবতাবিরোধী হিংস তা। স্বৈরাচারি সরকারের গড়ে তোলা আইন প্রয়োগকারী সংস্থার পরিচয়ে বিরোধী দলের প্রতিবাদী নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়া এখন নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এরা বিরোধীদল ও মতের মানুষদের অল্পদিন-দীর্ঘদিন অথবা চিরদিনের জন্য নিখোঁজ করে দেয়। গুমকে একদলীয় দুঃশাসনের নমুনা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশে বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতাসীন হওয়ার পর থেকে গুমকে প্রধান রাজনৈতিক কর্মসূচি করে তুলেছে।