ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে প্রথম সারিতে থাকবে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বের অন্য দেশ ভ্যাকসিন পেলে আমাদের দেশও সেই প্রথম সারির মধ্যে থাকবে। বিভিন্ন দেশে এখন ভ্যাকসিন তৈরি হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে হয়তো আমরা সেই ভ্যাকসিন পাব। দুই দিন আগে আমরা চায়নার ভ্যাকসিনকে পরীক্ষামূলকভাবে ব্যবহারের অনুমোদন দিয়েছি। তিনি শনিবার দুপুরে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের কর্নেল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুখাদ্য ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

অ্যাডভান্সমেন্ট অব রুরাল এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড হেলথ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুত্ফর রহমান, সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ মোহাম্মদ ঝিনুক বক্তব্য রাখেন।