এখন থেকে সিসিমপুর প্রচারিত হতে যাচ্ছে মাছরাঙার পর্দায়। সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে ৭টা পর্যন্ত প্রচারিত হবে সিসিমপুর। সেই সাথে প্রতি শুক্রবার প্রচারিত হবে সকাল ৯টায়।
এ প্রসঙ্গে সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘সিসিমপুর প্রাক-প্রাথমিক পর্যায়ের শিশুদের শিক্ষা ও বিকাশে একটি অনন্য উদ্যোগ-যার প্রতিটি অংশ গবেষণালব্ধ ও শিশুদের মনস্তাত্বিক দিককে মাথায় রেখে নির্মিত। আমরা সব সময়ই চাই সিসিমপুরের এই প্রয়াস পৌঁছে যাক বাংলাদেশের সকল শিশুর কাছে। তারই অংশ হিসেবে এখন থেকে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে সিসিমপুর।
সিসিমপুরের নতুন-পুরোনো সব পর্বই থাকছে মাছরাঙায়। ফলে ছোট্ট বন্ধুরা যারা বারবার সিসিমপুর দেখতে চায় তাদের জন্য এই উদ্যোগটি অনেক কাজে লাগবে। সেই সাথে আরও ছোট্ট বন্ধু, যারা এবারই প্রথম সিসিমপুর দেখছে, তারাও পাবে সিসিমপুরের অনেক পর্ব একসাথে দেখার সুযোগ।
আরও পড়ুন: কে হচ্ছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী?
উল্লেখ্য, সিসিমপুর বিশ্বখ্যাত আমেরিকান টেলিভিশন অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’র বাংলাদেশী সংস্করণ। শিশুদের ভাষা, সাক্ষরতা, গণিত, সামাজিক, মানসিক ও মানবিক দক্ষতা বিকাশের জন্য সিসেমি স্ট্রিট কাজ করছে পৃথিবীব্যাপী দেড় শতাধিক দেশে।
ইত্তেফাক/আরআই