আকস্মিক বন্যায় আফগানিস্তানে ১৬০ জনের মৃত্যু

রাজধানী কাবুলের উত্তরের প্রদেশ পারওয়ানে ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৬০ জন মারা গেছেন । সেখানে আরও ১২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ১৫ জনের সন্ধান এখনও মেলেনি বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

পারওয়ান গভর্নরের মুখপাত্র ওয়াহিদা শাহকার বলেন, বন্যা বিধ্বস্ত এলাকায় এখনও উদ্ধার কাজ চলছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদেহ বের করে আনার চেষ্টা করছেন।

গত বুধবার পারওয়ানে আকস্মিক বন্যার পানির তোড়ে অনেক বাড়িঘর ভেসে যায়। দুর্গত এলাকার বেশিরভাগ মানুষই কৃষক ও শ্রমজীবী বলে জানা গিয়েছে। তাই আগে থেকেই আর্থিক দুর্দশার মধ্যে ছিলেন তারা।

আফগান সেনাবাহিনী উদ্ধার ও ত্রাণ বিতরণ কাজে অংশ নিয়েছে। ন্যাটো বাহিনীও সেখানে উদ্ধার ও ত্রাণ কাজে আফগান সেনাদের সাহায্য করছে।

যুক্তরাষ্ট্র, আফগানিস্তানের সরকার ও তালেবান বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা সূচনার উদ্যোগ নিলেও দেশটিতে সহিংসতা অব্যাহত আছে, এর পাশাপাশি করোনাভাইরাস মহামারির কারণে আফগানিস্তানের অর্থনীতি সঙ্কটের মধ্যে আছে। এইসব সংকটের মধ্যে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ আফগানিস্তানকে আরও গভীর বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে।

অন্যদিকে পাকিস্তানে এখনও পর্যন্ত বন্যায় ৯০ জন প্রাণ হারিয়েছেন৷ এরমধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বন্দর নগরী করাচিতে৷ ধ্বসে পড়েছে বাড়িঘর।  পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়েও মারা গেছেন মানুষ৷

ইত্তেফাক/এআর