ধ্বংসাত্মক নয়, প্রশাসনের কাজ সৃষ্টিশীলতায় মনোনিবেশ করা: জয়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৩০ হাজার কুকুর রাজধানী থেকে স্থানান্তর করতে যাচ্ছে। এমন সিদ্ধান্তে প্রাণী অধিকারকর্মীদের সঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। রাজধানীর ধানমন্ডিতে দেয়াল চিত্র একে প্রাণিপ্রেমিদের অভিনব প্রতিবাদে সামিলও হয়েছেন এই অভিনেত্রী।

অভিনেত্রী জয়া আহসান বলেন, আমাদের আশপাশের প্রত্যেকটা জিনিস- সাপ, ব্যাঙ সবকিছুরই আমাদের জীবনে গুরুত্ব আছে। প্রশাসনই বলুন আর নগর কর্তৃপক্ষ যাদেরকে দিয়েই হোক আমরা যে ধ্বংসাত্মক বিষয় ভাবছি। প্রশাসনের কাজ কিন্তু সৃষ্টিশীলতায় মনোনিবেশ করা। সেখানে তারা যদি এরকম ধ্বংসাত্মক হয়, সেটা আমাদের কারোরই কাম্য নয়।

স্টেলা এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নোনা আহমেদ বলেন, কুকুর কমিউনিটি বেসড হয়। এদের অন্য কমিউনিটিতে নিয়ে গেলে সেখানকার কুকুরগুলো এদের গ্রহণ করবে না। ফলে তারা মারামারি করবে। এতে সেখানকার মানুষও বিরক্ত হবে। ওরাও না খেয়ে মারা যাবে। ফলে এদের সরিয়ে নেয়া বা মেরে ফেলা একই কথা।

২০১৪ সালে একটি বেসরকারি প্রাণীপ্রেমি সংস্থার রিট আবেদনে কুকুর নিধন বন্ধের নির্দেশ দেন আদালত। তারপর থেকে কুকুর নিধনের বিপরীতে সিটি করপোরেশন ও পৌর এলাকাগুলোতে ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হয়। তবে গত দুবছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বন্ধ রয়েছে এই কর্মসূচি।

এদিকে, ২০১৯ সালের প্রাণীকল্যাণ আইনে মালিকবিহীন কোনো প্রাণি নিধন ও অপসারণ দণ্ডণীয় অপরাধ বলে উল্লেখ করা হয়েছে।