পানি সম্পদ উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু শুধুমাত্র বাংলা ও বাঙালিদের নিয়ে ভাবতেন না। তাঁর সারা জীবনের সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে এটাই আজ প্রমাণিত। তিনি ছিলেন সারা বিশ্বের মুক্তিকামী সকল ধর্ম, বর্ণ ও গোত্রের রাজনৈতিক আদর্শ এবং প্রেরণার উৎস। সারা বিশ্বের যেখানে মানুষ শোষিত ও বঞ্চিত হয়েছে সেখানকার মানুষের হয়ে তাদের একজন হয়ে কথা বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শোষকের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বঙ্গবন্ধু। যেখানেই মানুষের ওপর অত্যাচার ও নিপীড়ন হয়েছে সেখানেই পোঁছে গেছেন বঙ্গবন্ধুর হুংকার। তেমনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাঁর অসমাপ্ত কাজ করে সম্পন্ন করে চলছেন।
রবিবার (৩০ আগস্ট) সকাল ১০টার সময় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কে এম এনামুল হক শামীম এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বঙ্গবন্ধুকে কারো সাথে তুলনা করা যায় না। বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পূর্বে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে পরামর্শ করে নাম রেখেছেন বাংলাদেশ। সুতরাং বাংলাদেশের আরেকটি নাম শেখ মুজিবুর রহমান।
আরো পড়ুনঃ সুশান্তের কাছে সন্তান চাইতেন প্রেমিকা রিয়া!
উপমন্ত্রী আরো বলেন, আজকে এ দিনে আমরা স্বাধীনতা স্থপতি মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। সেই সঙ্গে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সেদিন নির্মমভাবে নিহত শিশু ও নারীসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, নিকটাত্মীয় এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি। ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ তার পরিবার ও আত্মীয়-স্বজন ঘাতকের গুলিতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের লোকজনকে মেরে ফেলার মধ্য দিয়ে ঘাতকের দল ভেবেছিল বঙ্গবন্ধু না থাকলে কেউ আওয়ামী লীগের নেতৃত্ব দিতে পারবে না। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেদিন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বেঁচে গিয়েছিল।
এ সময় চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আলহাজ্ব আবুল হাসেম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)তানভীর আল নাসীফ,শরিয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরভাগা ইউনিয়নের চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি মো: হুমায়ুন কবির মোল্লা, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সখিপুর থানার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইত্তেফাক/এমএএম