কল্যাণপুরে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্য গ্রেফতার

রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিডএ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) এর একটি দল। 

গ্রেফতারকৃত শামসুল আলম (২৬) হবিগঞ্জ জেলা আমিরের ঘনিষ্ঠ সহযোগী বলে জানিয়েছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদ সম্পর্কিত বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো: জিয়াউর রহমান চৌধুরী  রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

আরো পড়ুন : পাবনা-৪ আসনে নৌকার প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস

তিনি বলেন, গত বছরের ১৫ নভেম্বর ‘আনসার আল-ইসলাম’ এর ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। ওই সময় গ্রেফতারকৃত সাতক্ষীরা জেলার আমির ইকরামুল ইসলাম ওরফে আমির হামজার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ‘আনসার আল ইসলাম’র হবিগঞ্জের আমিরের ঘনিষ্ঠ সহযোগী শামসুল আলমকে (২৬) গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার জিয়াউর রহমান জানান, জঙ্গি সদস্য শামসুল আলম সিলেটের একটি মাদ্রাসা থেকে আলিম পাস করেছে। বিগত ৫ বছর ধরে সে ‘আনসার আল ইসলামের সাথে জড়িত এবং নিয়মিত হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় তার সহযোগীদের সাথে গোপন বৈঠক, নিয়মিত চাঁদা সংগ্রহ ও নতুন সদস্য সংগ্রহ করে আসছিল বলে জানা গেছে। সম্প্রতি সে ঢাকায় সহযোগীদের সাথে দেখা করতে এসেছিল। তার কাছ থেকে আনসার আল ইসলামের বর্তমান কার্যক্রম সম্পর্কে অনেক গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।


ইত্তেফাক/ইউবি